নিজস্ব প্রতিবেদক
জমি বিক্রি করে রেজিস্ট্রি করে না দেয়ায় সুলতান পাটোয়ারি নামে এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সুলতান পাটোয়ারি যশোরের বাঘারপাড়ার উত্তর শ্রীরামপুর গ্রামের মৃত ছলিম মিয়া পাটোয়ারির ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০০৮ সালে সুলতান পাটোয়ারির উত্তর শ্রীরামপুরে মৌজার হাল ৩৫০৭ দাগের ১২ শতক জমি বিক্রি করেন একই গ্রামের আব্দুল খালেক মোল্যার কাছে। হাল পর্চা না থাকায় ওই সময় সুলতান জমি রেজিস্ট্রি করে দিতে পারেনি। ওই বছরের ১৬ মার্চ সুলতান পাটোয়ারি জমির সমুদয় টাকা গ্রহণ করে একটি অঙ্গীকার নামা করে দেন। এরপর থেকে আব্দুল খালেক এ জমি ভোগদখল করে আসছেন। পরবর্তীতে সুলতান এ জমি রেজিস্ট্রি করে না দিয়ে দখল নেয়ার ষড়যন্ত্র শুরু করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়ে ব্যর্থ হয়ে তাদের পরামর্শে আব্দুল খালেক মোল্যা ২০২৪ সালের ১৮ মার্চ প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সুলতান পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুলতান পাটোয়ারি পলাত রয়েছে।

