নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৩১ গ্রাম সোনার বারসহ আটক দুইজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভ গ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ আগস্ট সকালে যশোর বিজিবির একটি টহলদল হামিদপুর বাসস্টান্ড থেকে ওই দুইজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখ ৫ টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮৩২ গ্রাম। দাম এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুইজনকে কোতয়ালি থানায় সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক দুইজনকে আদালতে সোপর্দ ও ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

