নিজস্ব প্রতিবেদক
যশোরের নওয়াপাড়ার আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর বিরুদ্ধে আবারও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন বহুল আলোচিত আসাদুজ্জামান জনির বোন ইলোরা জারমিন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, টিপু নওয়াপাড়ার বিভিন্ন ব্যবসায়ীর প্রায় ৬২ কোটি টাকা এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাবিল গ্রুপের প্রায় ১৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সব মিলিয়ে টিপুর বিরুদ্ধে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন তিনি। ইলোরা দাবি করেন, তার ভাই আসাদুজ্জামান জনি ব্যবসায়ীদের পাওনা ফেরতের আন্দোলনে ভূমিকা রাখায় ‘মিথ্যা ও সাজানো’ চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন। একই মামলায় তাদের পিতা কামরুজ্জামান মজুমদারকেও আটক করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় প্রতারক টিপু তাদের পরিবারকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এসময় তিনি দুদক ও প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দ্রুত টিপুর অর্থ আত্মসাৎ কাণ্ডের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাওনা ফেরত দেওয়ার। তবে সচেতন মহলের প্রশ্ন জনির বোন ইলোরা অভিযোগ করছেন কেন, অথচ এখনো পর্যন্ত টিপুর দ্বারা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এমন কোনো ব্যবসায়ী সরাসরি অভিযোগ করেননি। তারা মনে করছেন, আলোচিত জনির পরিবারকে ঘিরে নতুন করে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও টিপুর বিরুদ্ধে অস্ত্রধারী বাহিনী গঠন, ঘাট দখল ও মাদক নিয়ন্ত্রণের অভিযোগ এনেছিলেন ইলোরা জারমিন। অন্যদিকে, টিপুর স্ত্রী যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে জনি ও তার বাবা কামরুজ্জামান মজুমদারকে গ্রেফতার করে যৌথবাহিনী। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
