উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে অপদ্রব্য পুশের সময় তিন মন চিংড়ি জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বিশেষ একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আটুলিয়ার মহেন্দ্রসিল এলাকা থেকে উক্ত চিংড়ি জব্দ করা হয়।এসময় অপদ্রব্য পুশের সাথে জড়িত মোঃ ইছহাক আলীকে আটকের পাশাপাশি ইনজেকশনের সিরিঞ্জ ও জেলি জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান ঘটনাস্থলে পৌছে আটক ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন।গোয়েন্দা সংস্থার সার্জেন্ট মোঃ আল মামুন জানান দীর্ঘদিন ধরে ইছাহাক আলী স্থানীয় নারী শ্রমিকদের কাজে লাগিয়ে চিংড়িতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার তিনি ইছাহাক আলীকে হাতেনাতে আটক করেন।পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে জানানোর পর ঘটনাস্থলে পৌছে অপরাধের সাথে জড়িত ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। এসময় তিন মাছের মধ্যে পুশকৃত প্রায় ৬৫ কেজি মাছ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

