উৎপল মণ্ডল, শ্যামনগর
সুন্দরবনের জলদস্যু কাজল-মুন্না বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ। ৯ সেপ্টেম্বর(মঙ্গলবার) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা। এর আগে সোমবার রাতের বিভিন্ন সময়ে যশোর জেলার অভয়নগর থানার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন, যশোর অভয়নগরের আড়পাড়া গ্রামের পরিতোষ রায়ের ছেলে বিপ্লব রায় (৩২), যশোর অভয়নগরের গোবিন্দপুর গ্রামের মৃত চিত্তরঞ্জন মল্লিকের ছেলে সুব্রত মল্লিক (৪৩) ও একই এলাকার কৌতুক বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস (৭০)।শ্যামনগর থানা সুত্রে জানা যায়, সুন্দরবন থেকে রমজাননগর এলাকার দুই জেলেকে অপহরণপুর্বক মুক্তিপণ আদায়ের অভিযোগে সোমবার শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু। জলদস্যু পরিচয়ে ৯ জন অস্ত্রধারী গত ৪ সেপ্টেম্বর সুন্দরবনের পায়রাটুনি খাল থেকে জিম্মি করার ঘটনায় অজ্ঞাত নামীয় নয়জনকে আসামী করে উক্ত মামলা করা হয়।ভুক্তোভোগী জেলেদের বরাত দিয়ে আব্দুল হামিদ জানান, বনবিভাগের অনুমতিপত্র নিয়ে গত ৪ সেপ্টেম্বর সকালে সুন্দরবনে যায় রমজাননগর ইউনিয়নের ছয় জেলে। দুপুরের দিকে পায়রাটুনি খালে পৌছানোর পর কাজল-মুন্না বাহিনীর পরিচয়ে ওয়েজকুরুনি, বিজয় ধীবর, আব্দুস সালাম ও আব্দুল মজিদকে অপহরণ করে জলদস্যুরা। মুক্তিপণের টাকা নির্দিষ্ট একটি বিকাশ নম্বরে পাঠানোর নির্দেশ দিয়ে একদিন পরে দু’জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয় তারা। এঘটনায় সোমবার তিনি শ্যামনগর থানায় মামলা করেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় যশোরের বিভিন্ন এলাকা থেকে অপরাধী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে আদায়কৃত মুক্তিপণের ৭৪ হাজার টাকাসহ নির্দিষ্ট বিকাশ নম্বরের সিম ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

