জাকসু নির্বাচন নিয়েও অনেক অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। এখানেও নির্বাচন নিয়ে অনেক অভিযোগ রয়েছে। ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করার কথা ছিল।রাতে জানানো হয়, শুক্রবার সকালে জানা যাবে ভোটের ফল। কিন্তু শুক্রবার রাতেও ফল প্রকাশ করা যায়নি। শনিবার সকালে বলা হয়, সন্ধ্যার মধ্যে ফলাফল দেওয়া হবে। অবশেষে বিকেল ৫টা ৪০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়।
এদিকে নির্বাচনে ভোটগ্রহণ এবং পরে ভোটগণনার দীর্ঘ দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অতিরিক্ত চাপের কারণে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।জানা যায়, ডাকসু নির্বাচনে ব্যবহৃত ভোটগণনা মেশিন নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে।জাকসু নির্বাচনে মেশিন ব্যবহার না করার আবেদন জানান অনেক প্রার্থী। এসব আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন মেশিনের বদলে ভোট হাতে গণনার সিদ্ধান্ত নেয়। দাবি করা হয়, সে জন্যই এত বেশি সময় লেগেছে। অন্যদিকে নির্বাচনের দিনই প্রশাসনের পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলসহ মোট পাঁচটি প্যানেল ভোট বর্জন করে। তিনজন শিক্ষকও ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করেন।নির্বাচন কমিশনের সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার জাকসু নির্বাচনে অনিয়ম ও ত্রুটির অভিযোগ এনেছেন। এসব অভিযোগে নির্বাচন কমিশন থেকে তিনি পদত্যাগও করেছেন। জাকসু নির্বাচন নিয়ে অনিয়ম, কারচুপি ও কারসাজির অভিযোগগুলোর সুষ্ঠু সুরাহা এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা ভালো না হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন নিয়েও সন্দেহ-অবিশ্বাস দানা বেঁধেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, তা ভেবে দেখবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ চায় তারা। এদিকে প্রক্টরিয়াল বডির অপসারণসহ সাত দাবিতে গত বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছিলেন ৯ জন শিক্ষার্থী। শুক্রবার বিকেল ৫টার দিকে উপাচার্য তাঁদের যৌক্তিক দাবি মানার আশ্বাস দিলে ৫২ ঘণ্টা পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির মতে, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে রাকসুর নির্বাচন গ্রহণযোগ্য হবে, আর তা না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বলছেন, প্রচারণা শুরুর পর শিক্ষার্থীদের কাছ থেকে তাঁরা ভালো সাড়া পাচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন সুষ্ঠু না হলে মানুষের আস্থায় চিড় ধরবে। অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও সন্দেহ দেখা দেবে। আমরা চাই, অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ওঠা সব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনগুলো সুষ্ঠু করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হোক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়