প্রতিদিনের ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে একটি সামাজিক মাধ্যমে কথা বলায় আটজন সাংবাদিক ও সামাজিক মাধ্যমে মন্তব্যকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ইমরান খানের পক্ষে অনলাইন কার্যক্রম ও বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাস-সংক্রান্ত অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। মডার্ন ডিপ্লোমেসির খবরে বলা হয়, এই মামলাগুলোর সূত্রপাত ২০২৩ সালের ৯ মে’র সহিংস বিক্ষোভ থেকে। সেদিন ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকেরা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।এরপর সরকার ইমরান খানের দল ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে উসকানি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা কিংবা সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন ও সামরিক আদালত ব্যবহার করা হয়।এই রায় পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। সমালোচকদের মতে, সাংবাদিক ও মন্তব্যকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ রাজনৈতিক বক্তব্য ও অনলাইন ভিন্নমতকে অপরাধে পরিণত করার ঝুঁকি বাড়াচ্ছে।
এ রায় রাজনৈতিক মামলায় নিরাপত্তা আদালতের ভূমিকা বাড়ার ইঙ্গিত দেয় এবং ২০২৩ সালের মে মাসের অস্থিরতার পর নাগরিক স্বাধীনতা ক্রমাগত ক্ষয়িষ্ণু হওয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

