১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া নিয়ে আলোচনা করেনি আইসিসি

প্রতিদিনের ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে না চাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সুযোগ এলে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন স্কটিশ ক্রিকেটাররা। নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে না পারার কথা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের অনুরোধও করা হয়েছে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে রয়েছে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের জায়গা খালি হলে তাদের নাম আলোচনায় আসছে। তবে বিবিসি স্পোর্টস জানিয়েছে, এখনো পর্যন্ত আইসিসি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এদিকে বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে স্কটিশ ক্রিকেট কর্মকর্তারাও নিজ উদ্যোগে আইসিসির সঙ্গে আলোচনা শুরু করতে আগ্রহী নন। গত গ্রীষ্মে ইউরোপ কোয়ালিফায়ারে চতুর্থ হয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হারিয়েছিল স্কটল্যান্ড। ওই আসরে নেদারল্যান্ডস ও ইতালি দুটি স্থান নিশ্চিত করে। তবে স্কটল্যান্ডের ক্রিকেটাররা এখনো প্রস্তুতিতেই আছেন। মার্চে নামিবিয়া ও ওমানকে নিয়ে উইন্ডহুকে অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন তারা। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দল বিশ্বকাপে ভারতে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যে নেওয়া হতে পারে। এদিকে আইসিসির কাছে জানতে চাওয়া হয়েছে, কোনো দল সরে দাঁড়ালে বা বাদ পড়লে বিকল্প দল নির্বাচনের মানদণ্ড কী হবে। এর আগে রাজনৈতিক কারণে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল আইসিসি। সে সময় বৈশ্বিক বাছাইপর্বে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে বিবেচিত হয়েছিল স্কটল্যান্ড। বর্তমানে আইসিসির টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম। তবে ২০২৪ সাল থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলে সম্প্রসারিত হওয়া এবং আঞ্চলিক বাছাই পদ্ধতি চালু হওয়ায় বিষয়টি এখন আর সহজ নয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির বিবেচনাতেই নির্ভর করছে। এ ছাড়া বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের তুলনামূলক কম রাজনৈতিক সংবেদনশীল ভেন্যুতে আয়োজন করা কিংবা সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথাও ভাবছে আইসিসি। এর আগে ইএসপিএনক্রিকইনফো জানায়, গ্রুপ অদলবদলের অনুরোধ করেছে বিসিবি, যাতে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করে শ্রীলঙ্কায় খেলতে পারে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তাদের সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না, এমন আশ্বাস তারা পেয়েছেন। যদিও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়