১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহতের খবরে অনেকটা বেরিয়ে এসেছে। প্রায় প্রতিদিনই ধর্ষণ, খুনখারাবি, ছিনতাই ও মাদক কারবারের খবর আসছে।
সাভারে মাদক কারবারের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ছাড়া বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক সাংবাদিক। খবরে বলা হয়, সিলেটের বিভিন্ন স্থানে কিছুদিন থেকে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। গত শুক্রবার নগরীর কিনব্রিজ এলাকায় পুলিশ অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় কিনব্রিজ সংলগ্ন বন বিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র‌্যাব কনস্টেবল ইমন আচার্য মাদকাসক্ত ছিনতাইকারী বাপ্পীকে আটকানোর চেষ্টা করেন। বাপ্পী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনকে উপর্যুপরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর ইমন আচার্য মারা যান। অপর খবরে জানা গেছে, ঢাকার অদূরে সাভারে গত শুক্রবার মাদক কারবারিদের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিক। এরপর স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁদের একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে ব্যাপক মারধর করে। সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনার পেছনে শীর্ষ মাদক কারবারি শামীম বাহিনীর হাত রয়েছে। একটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে আইনের শাসনের সম্পর্ক সরাসরি। আইনের কঠোর প্রয়োগ, বিচারপ্রক্রিয়া স্বচ্ছ না হলে অপরাধ মাথাচাড়া দিয়ে ওঠে। অনেক সময় শীর্ষ অপরাধীরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠে। বর্তমান বিএনপি সরকার বলেছে, সন্ত্রাস দমনে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। বাংলাদেশে দিন দিন তা আরো বিপজ্জনক হয়ে উঠছে। চলতি মাসের শুরুতেই আমরা দেখেছি, গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ আরো তিন ধাপ পিছিয়েছে। বিশ্বদরবারে মাথা তুলে দাঁড়াতে হলে সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে। সর্বোপরি অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইনের ফাঁক গলে যেন অপরাধীরা বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছাও সমানভাবে জরুরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়