১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপে আর্জেন্টিনার ছয়, ব্রাজিলের শূন্য

প্রতিদিনের ডেস্ক
বিশ্বকাপ মানেই ফুটবলারদের মহারণ। তবে মাঠের লড়াইয়ের আড়ালে ডাগআউটের যুদ্ধও কম গুরুত্বপূর্ণ নয়। আধুনিক ফুটবলে একজন কোচের কৌশল, পরিকল্পনা ও নেতৃত্ব অনেক সময় পুরো দলের ভাগ্য বদলে দেয়। আর সেই কারণেই নিজেদের দেশের বাইরের কোচদের ওপর ক্রমশ আস্থা বাড়ছে বিশ্বকাপ খেলতে যাওয়া দেশগুলোর। আসন্ন বিশ্বকাপে ভিনদেশি মস্তিষ্কের ওপর নির্ভর করছে ২৬টি দল। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছয়জন কোচ আর্জেন্টাইন। শুধু নিজেদের জাতীয় দল নয়, দক্ষিণ ও উত্তর আমেরিকার আরো কয়েকটি দেশও আর্জেন্টাইন কোচদের কৌশলের ওপর নির্ভর করছে। অন্যদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দেশ ব্রাজিল থেকে এবার একজন কোচও বিশ্বকাপে নেই। বরং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই এবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন কোচদের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। নিজ দেশের কোচ লিওনেল স্কালোনি ছাড়াও অন্য দেশের দায়িত্বে আছেন আরো পাঁচ আর্জেন্টাইন। তাদের মধ্যে রয়েছেন মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র), মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে), গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে), সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর) এবং নেস্তর লরেঞ্জো (কলম্বিয়া)। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটি থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছেন পাঁচজন কোচ। তাদের মধ্যে আছেন দিদিয়ের দেশম, রুডি গার্সিয়া (বেলজিয়াম), সাব্রি লামুশি (তিউনিসিয়া), সেবাস্তিয়ান দেসাব্রে (ডিআর কঙ্গো) ও সেবাস্তিয়ান মিনিও (হাইতি)। তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ রয়েছেন স্পেনের। এদের মধ্যে আছেন লুইস দে লা ফুয়েন্তে, রবার্তো মার্তিনেজ (পর্তুগাল), হুলেন লোপেতেগি (কাতার) এবং থমাস ক্রিস্টিয়ানসেন (পানামা)। অন্যদিকে তিনজন করে কোচ আছেন ইতালি ও জার্মানির। ইতালি বিশ্বকাপে খেলতে না পারলেও তাদের কোচদের কদর কমেনি। কার্লো আনচেলত্তি এবার ব্রাজিলের দায়িত্বে, ফ্যাবিও ক্যানাভারো আছেন উজবেকিস্তানের ডাগআউটে এবং ভিনসেনজো মন্তেলা দায়িত্ব পালন করছেন তুরস্কের। এদিকে ২২টি দেশ নিজেদের দেশের কোচের ওপরই আস্থা রেখেছে। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ আরো অনেক দেশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়