শামিম হোসেন, কুয়াদা
যশোরের সতীঘাটায় অনুষ্ঠিত নারী সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম যশোর সদর–৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। শনিবার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
তিনি আরও বলেন, অনেকেই বলেছিল—হাসিনার সরকার পতন হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু ৫ আগস্টের পর যশোরে কোনো উল্লেখযোগ্য সহিংস ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনার ক্ষেত্রে যশোরের অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর, পূজামন্দির ও গির্জায় পাহারার ব্যবস্থা করেছেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, রামনগর ইউনিয়নবাসীর জন্য এটি সৌভাগ্য যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যশোরের কুয়াদায় আফিয়ার ঘর নির্মাণ কার্যক্রমে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন। গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বিএনপির নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশে কোনো বিভাজন নেই—এই বিশ্বাস থেকেই বিএনপি রাজনীতি করে। আগামী ১২ তারিখের নির্বাচনে যশোর সদর–৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, মহিলা দলের নেত্রী সেলিনা পারভীন সেলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, মহিলা নেত্রী জাহানারা বেগম, মাসুদা ফারুক মিনু, হাসিনা ইউসুফ, মনোয়ারা মোস্তফা, প্রফেসর নাছরীন বেগম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, মোসলেম উদ্দিন, সিরাজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

