প্রতিদিনের ডেস্ক
কয়েক মাসের বিরতির পর রাজধানীতে আবারও ফিরছে খোলা আকাশের নিচে বড় সংগীত আয়োজন। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বড় কনসার্ট না হলেও নতুন সরকারের শপথের দিনেই আয়োজন করা হয়েছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর প্রধান আকর্ষণ থাকছেন দেশের জনপ্রিয় রক তারকা জেমস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন।
অনেকদিন পর উন্মুক্ত আকাশের নিচে গান পরিবেশনের সুযোগ পাচ্ছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমসের টিম। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসানের এক বিশেষ সন্ধ্যা। এই কনসার্টে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এবং শিরোনামহীন।
আয়োজকদের প্রত্যাশা, নতুন সরকারের সময়কালে দেশের ব্যান্ড সংগীতের বিকাশে আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে এবং দেশ-বিদেশে বড় আয়োজনের সুযোগ বাড়বে। সব মিলিয়ে শপথের রাতেই রাজধানীতে জমে উঠতে যাচ্ছে সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উৎসবমুখর আয়োজন।

