মাগুরা প্রতিনিধি
পেরিয়ে গেছে দীর্ঘ দুই দশক। তবে আজও সম্পন্ন হয়নি মাগুরার আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জন্য ঘোষিত ২০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম। এতে বেকায়দায় পড়েছেন ভূমির মালিকরা। তারা নিজেদের প্রয়োজনে জমি বেচাকেনা বা হস্তান্তর করতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’ অনুযায়ী নোটিশ জারির পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। নোটিশ জারির ৯০ দিনের মধ্যে অধিগ্রহণ শেষ করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তবে মসলা গবেষণা কেন্দ্রের ক্ষেত্রে এ আইন মানা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা মসলা গবেষণা কেন্দ্রটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময় বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মৌলিক গবেষণা প্রকল্প সম্প্রসারণের আওতায় ভূমি অধিগ্রহণের প্রয়োজন দেখা দেয়। ২০০৬ সালে মসলা গবেষণা কেন্দ্র সম্প্রসারণের জন্য পৌরসভার দুটি মৌজায় ২০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হলেও পরবর্তীকালে তা থেমে যায়। এরপর নানা মহলের চিঠিপত্রের আদান-প্রদানের পর ২০১৫ সালে ভূমি মালিকদের নোটিশ জারি করা হয়।

