১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আফরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির রিপন (৪৫) চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্ট-এ কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আউটপাস নিয়ে নিজ ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (যশোর-ল-১৫-০৪৯৩) যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের আফরা গ্রামস্থ আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল (যশোর-হ-১৯-৯৯৬৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির রিপনের মৃত্যু হয়। অন্য মোটরসাইকেলে থাকা হাসান (৪০) ভেকুটিয়া গ্রামের রশিদের ছেলে, তুহিন (৩৫) রঘুনাথপুর গ্রামের লোকমানের ছেলে এবং রাহুল (২০) ভেকুটিয়া গ্রামের কামরুল হোসেনের ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চৌগাছা থানা সূত্রে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়