১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাত কাঁচির আঘাত ও মারধর আহত ৪

নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক তিনটি ঘটনায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে চারজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রথম ঘটনায়, রাত পৌনে এগারোটার দিকে শহরের বারান্দীপাড়া এলাকায় বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা চলাকালে সৌরভ হোসেন (১৭) নামের এক কিশোর ছুরিকাঘাতে আহত হন। তিনি ফুলতলার বাসিন্দা। অভিযোগ, তার বন্ধু ইয়ামিনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহেল (২৪) নামের এক যুবক সৌরভের উরুর পেছনে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। দ্বিতীয় ঘটনায়, রাত ১১টার দিকে রামনগর ইউনিয়নের ধুড়াগাছা এলাকায় ভৈরব নদীর সাঁকোর ওপর জালাল হোসেন (২৮) কাঁচির আঘাতে গুরুতর আহত হন। অভিযোগ, মাদকাসক্ত অবস্থায় থাকা ফজর আলী (৩০) ‘তুই এখানে কি করিস’ বলে তাকে এলোপাতাড়িভাবে কাঁচি দিয়ে মাথা, মুখ ও দুই হাতে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে একই রাতে রাত ১০টার দিকে ঝুমঝুমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মফিজুর রহমান (৭০) ও তাসিন (১৪) নামের দুইজনকে দা ও লাঠি দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিবেশী আনিসুর (৬৫) ও কিপায়েত (২২) এ হামলায় জড়িত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়