মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুর পৌর শহরের মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।ভ্রাম্যমাণ আদালত জানা গেছে, কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান পৌর শহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কে দুই হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এবং কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতেও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বাজারে জাটকা ইলিশ বিক্রিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

