প্রতিদিনের ডেস্ক
বরাবরই স্পষ্টভাষিতা ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত তাপসী পান্নু। সম্প্রতি বলিউডের এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, সরাসরি সত্য কথা বলার জন্য তিনি কখনো বড় ক্ষতির মুখে পড়েননি ঠিকই, তবে অনেক সময় কাজ হারিয়েছেন অন্য কারণে- যার সিদ্ধান্ত তার হাতে ছিল না।তাপসীর কথায়, এমন ঘটনাও ঘটেছে যখন শুধুমাত্র নায়কের অসম্মতির কারণে তাকে কোনো প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে নায়করাই নির্ধারণ করেন সিনেমার নায়িকা কে হবেন।
ফলে অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই কোনো কোনো সিনেমা থেকে আমাকে বাদ পড়তে হয়েছে।’তাপসী আরো বলেন, ‘সত্যি বলতে সরাসরি প্রভাব কখনো পড়েনি। তবে মাঝেমধ্যেই শুনতে পাই যে আমার সঙ্গে কাজ করতে চান না অনেকে। হয়তো কারণ অন্য কিছু হতে পারে কিন্তু অনেক সময় আমি জানতেও পারি না যে শুধুমাত্র নায়কের অসম্মতির কারণে সিনেমা হাতছাড়া হয়ে যায়।
তবে পরিস্থিতি ভিন্ন হয় যখন পরিচালক নিজের সিদ্ধান্তে অটল থাকেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমার কথা।
তাপসী জানান, যখন এই সিনেমাতে তাকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তখন অনেকেই অবাক হয়েছিলেন- বিশেষ করে শাহরুখ খান-এর বিপরীতে তার অভিনয় নিয়ে।তাপসী বললেন, ‘যদি কোনো পরিচালক তারকা পরিচালক হন সে ক্ষেত্রে ব্যাপারটা অন্য। সেক্ষেত্রে পরিচালক যা বলবেন সেটাই শেষ কথা। রাজু স্যার যখন আমাকে ডানকিতে নেওয়ার কথা বলেছিলেন তখন অনেকে অবাক হয়েছিলেন। শাহরুখ খানের সঙ্গে আমার অভিনয় করার ব্যাপারটা অনেকের কাছে বড় ধাক্কা ছিল কিন্তু যেহেতু পরিচালক নিজে নিশ্চিত ছিলেন তাই অসুবিধা হয়নি।’অনেকেই মনে করেন তাপসীর সঙ্গে কাজ করা কঠিন।নায়িকার কথায়, ‘মাঝেমধ্যেই শুনতে পাই যে আমার সঙ্গে কাজ করা নাকি খুব কঠিন কিন্তু এর কারণ জানি না। একই পরিচালকের সঙ্গে আমি বারবার কাজ করেছি, যদি সত্যি আমার সঙ্গে কাজ করা কঠিন হতো তাহলে এর পুনরাবৃত্তি হত না। তবে হ্যাঁ, যারা আমার সঙ্গে কাজ করেনি তারাই সম্ভবত এই কথা বলেছেন কারণ তারা আমাকে ভালোভাবে চেনেন না।
তাপসীর মতে, তিনি খুব একটা সামাজিক মানুষ নন এবং নিজেকে প্রচারের চেয়ে নিজের কাজ নিয়েই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

