প্রতিদিনের ডেস্ক
ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগের পর দেশটিতে জরুরি মানবিক ও সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘মিলিটারি ইমার্জেন্সি ইউনিট’ (ইউএমই) এবং উন্নয়ন সংস্থার মাধ্যমে এই জরুরি সহায়তা পাঠানো হবে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে এই সংহতি প্রকাশ করেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে আলবারেস স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে স্প্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন (এইসিআইডি) এবং সামরিক জরুরি ইউনিটের (ইউএমই) মাধ্যমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সহায়তার এই প্রক্রিয়াটি দ্রুত কার্যকর করতে এবং এর বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ও স্পেনের মন্ত্রীরা আবারও আলোচনায় বসবেন বলে জানা গেছে।
