আনিছুর রহমান, বেনাপোল
যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার (৭ মার্চ ২০২৬) যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবি পৃ বিশেষ টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। অভিযানটি পরিচালিত হয় আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল (আইসিপি) সংলগ্ন সীমান্ত এলাকায়। বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৫টি পোশাক সামগ্রী, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, ৫২৪টি বিভিন্ন ধরনের ওষুধ, ১০০টি চকলেট এবং ১ হাজার ২৫৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা। এ সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রায়হান (২৬) কে আটক করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে মামলার আলামতসহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যশোরের শার্শা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ১৮৮ বোতল ভারতীয় সিরাপ ও একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী ও রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, পুটখালী বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নেশার সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান এবং একজন আসামিকে আটক করেন। আটক ব্যক্তি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের আ. রশিদের ছেলে রুহুল আমিন (৩৬)। এদিকে একই দিন পৃথক অভিযানে রুদ্রপুর বিওপি সদস্যরা ৮৮ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শার্শা সীমান্তের পুটখালী ও রুদ্রপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় সিরাপ জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

