৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় আ.লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ২০

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বাঁকা গ্রামের মেম্বর জিরু কাজীর সাথে একই গ্রামের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দ্বন্দ সংঘাত চলে আসছিল। শুক্রবার উভয় পক্ষের লোকজন দেশের রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আক্তার মোল্যার লোকজন মসজিদের ভেতরে জিরু কাজীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় লুৎফুন নাহার, রেখা বেগম, ইউপি সদস্য জিরু কাজী, লিটন মিয়া, হিমায়েত হোসেন, ফিরোজ মোল্যা, মুসা মোল্য, শরিফুল ইসলাম, হাসান মোল্যা, প্রিন্স রহমান, কাদের আলী, আক্তার মোল্যা, মিরাজ মোল্যা, সেলিম বিশ্বাসসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জিরু কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে আক্তার মোল্যা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারনে জিরু কাজীর নির্যাতনে জেল খেটেছি এবং পালিয়ে বেড়াইছি। এখনও তার লোকজন এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে হয়রানী করার প্রতিবাদ করায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। অপরদিকে মোবাইল ফোনে জিরু কাজী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর আকতার মোল্যার লোকজন বেপরোয়া হয়ে পড়েছে,তারা শুক্রবারে আমার লোকজনকে মারপিট করেছে। এর জের ধরে শনিবার উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়