নিজস্ব প্রতিবেদক
গত বছরের ৪ ডিসেম্বরে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগ আওে গ্রেফতার হয়নি। ধর্ষক সোহাগ গ্রেফতার না হওয়ার কারণে এবং তার ফাঁসির দাবিতে আল্টিমেটাম দিয়ে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতার নেতৃত্বে কচুয়া ইউনিয়নের রায়মানিক সরদারপাড়া গ্রামের এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভকারী মানববন্ধনে অংশ নেন। শিশুর পিতা অভিযোগ করেন, সোহাগ খাবারের লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। মানববন্ধনে বক্তারা জানান, নৃশংস এই ধর্ষণের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগকে এখনও গ্রেফতার করেনি প্রশাসন। সোহাগের লোকজন ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। পরিবারটি ইতোমধ্যে হুমকি সংক্রান্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে বিক্ষোভকারীরা জানান। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবা এবং এলাকাবাসীর মধ্যে গোলাম কাদের, মোহাম্মদ মনিরুল ইসলাম, মফিজুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।

