২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যে কারণে জয়া আহসানের স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন রাহুল

প্রতিদিনের ডেস্ক:
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে দুই বাংলার বিনোদন অঙ্গনে। এবার তাকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, রাহুলের মৃত্যু মেনে নেওয়া যেন অসম্ভব।
জয়া জানান, ‘ঝরা পালক’ সিনেমার সময় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল। সেই সময় রাহুল কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন। চেহারায় পুরো মিল না থাকলেও তার অভিনয়ে কবির অনুভব ও গভীরতা স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন জয়া।
তিনি আরও লেখেন, রাহুলের মধ্যে একজন শিল্পীর যে নির্মেদ, মায়াময় ও স্পষ্ট সত্তা তা তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। অভিনয়, কথাবার্তা, আদর্শ ও লেখনী- সব ক্ষেত্রেই তিনি ছিলেন ব্যতিক্রমী।
স্ট্যাটাসে রাহুলের সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন জয়া আহসান। তাকে শক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে যেন তিনি তাদের সন্তান সহজকে আগলে রাখেন।
শেষে প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করে জয়া লেখেন, রাহুল তার স্মৃতিতে আজীবন বেঁচে থাকবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়