২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশেষ দিনে পাতে রাখুন মাছের খোয়া পোলাও

প্রতিদিনের ডেস্ক:
বিশেষ দিন মানেই একটু ভিন্ন স্বাদের আয়োজন। সাধারণ খাবারের বাইরে গিয়ে যদি পাতে থাকে সুগন্ধি, রুচিশীল ও ব্যতিক্রম কিছু, তাহলেই জমে ওঠে মুহূর্ত। তেমনই একটি রাজকীয় ও মুখরোচক পদ হলো মাছের খোয়া পোলাও।নরম, ঝরঝরে পোলাওয়ের সঙ্গে মসলায় মাখানো মাছের স্বাদ একসঙ্গে মিলে তৈরি করে অনন্য এক স্বাদ-অনুভূতি। পরিবার কিংবা অতিথি আপ্যায়নে এই পদটি সহজেই হয়ে উঠতে পারে আপনার বিশেষ দিনের মূল আকর্ষণ। রইলো রেসিপি-উপকরণ
বাসমতী চাল ৩০০ গ্রাম
কাতলা মাছ ৬ টুকরো
আদাবাটা ১ টেবিল চামচ
কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
গুঁড়ো খোয়াক্ষীর ৩-৪ টেবিল চামচ
হলুদগুঁড়ো ১ চা চামচ
মরিচগুঁড়ো ১ টেবিল চামচ
কাজুবাদাম ১০ গ্রাম
কিশমিশ ১০ গ্রাম
কাঠবাদাম ১০ গ্রাম
তেজপাতা ৩-৪টি
শাহী জিরা ১ চা চামচ
বড়এলাচগুঁড়ো আধ চা চামচ
জয়িত্রিগুঁড়ো ১ চিমটে
জায়ফলগুঁড়ো ১ চিমটে
লেবুর রস ২ টেবিল চামচ
ঘি ৪-৫ টেবিল চামচ
স্বাদমতো লবণ, চিনি
কেশর ভেজানো দুধ ৩-৪ টেবিল চামচ
বেরেস্তা (ভাজা পেঁয়াজ) ৩-৪ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই লবণ, হলুদ, মরিচগুঁড়ো আর লেবুর রস মাখিয়ে মাছের টুকরোগুলো ঘিয়ে ভেজে তুলে রাখুন। এ বার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালে আদাবাটা, কাঁচামরিচবাটা, বড়এলাচের গুঁড়ো, জায়ফলগুঁড়ো, জয়িত্রিগুঁড়ো, কেশর ভেজানো দুধ, কাজুবাদামকুচি, কিশমিশ আর খোয়া ক্ষীর দিয়ে ভাল করে মেখে নিন।এরপর কড়াইয়ে মাছ ভাজার ঘিয়েই আবার ফোড়ন দিন তেজপাতা আর শাহী জিরা। এতে মেখে রাখা চাল দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিন। এবার চালের ঠিক দ্বিগুণ পরিমাণ গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। চাল অর্ধেক সেদ্ধ হয়ে এলে এর ওপর মাছগুলো সাজিয়ে দিন। তারপর আবার ঢেকে রান্না করুন কিছুক্ষণ। চাল পুরো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন মজাদার মাছের খোয়া পোলাও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়