৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাকিব-মুশফিকের বিষয়ে কী বললেন মিরাজ

প্রতিদিনের ডেস্ক:
সাকিব-মুশফিককে একসঙ্গে সীমিত সংস্করণে পাওয়া যাবে না। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর কখনোই মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমদের সঙ্গে খেলা হয়নি তার। খেলা তো দূরের কথা, দেশেই আসতে পারছেন না সাকিব। দলের এবং দেশের বাইরে থাকলেও আলোচনার বাইরে নন বাঁহাতি অলরাউন্ডার।দলে ফেরানোর বিষয়ে তার নাম প্রায়ই শোনা যায়। তবে আলোর মুখ দেখেনি কখনো। তাকে ছাড়া আরেকটি সিরিজ শুরুর আগে তাই আবারও আলোচনায় সাকিব। সংবাদ সম্মেলনে মিরাজকে উত্তর দিতে হলো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের বিষয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, এটা আসলে পেশাদার প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিংরুমে ওই রকম প্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি তার ইস্যুটা নিয়ে।’সাকিবের বাইরে আরেক সাবেক অধিনায়কের বিষয়েও কথা বলতে হলো মিরাজকে।
মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলার বিষয়টি অবশ্য মিরাজই সামনে এনেছিলেন। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন উইকেটরক্ষক-ব্যাটার। সম্প্রতি মুশফিককে দলে পাওয়ার ইচ্ছা পোষণ নিজেই করেন মিরাজ। তবে এবার ভিন্ন কিছু বললেন। মুশফিকের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন তিনি। মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এ রকম একটা প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরো কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়