প্রতিদিনের ডেস্ক:
চলতি বছরের জুন মাসে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি নিশ্চিত করেছে। প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা, যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বের দলটি সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারায়। এরও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মাটিতে হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে হারিয়েছিল। আসন্ন সফরে অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৯ জুন, এরপরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া দল সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

