প্রতিদিনের ডেস্ক:
ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যেকোনো হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে হুতি-নিয়ন্ত্রিত সরকার- বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফি। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে একাধিক পক্ষ একসঙ্গে অংশ নিয়েছে। সবাই মিলেমিশে কাজ করায় এই হামলা ও পাল্টা হামলা আরও কার্যকর হয়েছে। অর্থাৎ একসঙ্গে কাজ করার ফলে তাদের সামরিক পদক্ষেপগুলো শত্রুপক্ষের বিরুদ্ধে বেশি সফল হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় হুতিরা। তারা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মাধ্যমে এই সংঘাতে নতুন একটি ফ্রন্ট খুলে যায়।
গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে।
তারা তাদের অস্ত্রভাণ্ডার ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানবে। পাশাপাশি লোহিত সাগরপথে চলাচল করা জাহাজগুলোকেও তারা টার্গেট করতে পারে বলে হুমকি দিয়েছে।

