আনিছুর রহমান, বেনাপোল
যশোর-১ (শার্শা) এলাকার উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় সংসদ সদস্য সাবেরা নাজমুল বলেছেন, “দলের মধ্যে পছন্দের বা অপছন্দের লোক থাকতে পারে, তাই বলে দলের ভেতর কোনো বিভেদ বা বিভাজন সৃষ্টি করা যাবে না। দলের ভেতর কোন্দল তৈরি করলে আমাদের নিজেদের হাতই দুর্বল হবে। সবাইকে দলের প্রতীক ধানের শীষ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের কথা চিন্তা করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর ‘বিয়ে বাড়ি’ কমিউনিটি সেন্টারে সোমবার বিকেল সাড়ে ৪টায় আয়োজিত শার্শা ও বেনাপোল এলাকার উন্নয়ন তদারকি এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারতের সঞ্চালনায় সভায় শার্শা ও বেনাপোল এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় অবকাঠামোগত সমস্যা সমাধান এবং ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শার্শা ও বেনাপোল অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ঝিকরগাছা ও শার্শার দায়িত্বপ্রাপ্ত এমপি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তন আসবে; স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামোগত কাজ হবে ব্যাপক হারে।” তিনি আরও বলেন, “বেনাপোল পৌরসভার পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এখানকার ঐতিহ্যবাহী ‘হাকর নদী’ বর্ষা মৌসুম শেষ হলেই পুনঃখনন করা হবে, যাতে পৌর এলাকার পানি সহজে নিষ্কাশন হতে পারে এবং স্থায়ী জলাবদ্ধতা থেকে নাগরিকরা মুক্তি পান।” বক্তব্যের শুরুতে সাবেরা নাজমুল এমপি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি ‘জুলাই বিপ্লবে’ যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা এখনও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। যারা যেভাবে হোক বাইপাস করে জান্নাতের টিকিট কাটার জন্য বিপথে গিয়েছিলেন, তারা মারাত্মক ভুল করেছিলেন। ভবিষ্যতে যেন এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।” নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ১৭টি বছর রাজপথে থেকে সংগ্রাম করেছেন। এখন যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, তবে আন্দোলনের সেই অর্জন ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।” মতবিনিময় সভায় বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত তাঁর বক্তব্যে সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, একটি চক্র আবারও দুষ্ট খেলায় মেতে উঠেছে। যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছে, তারা এখন দলের ক্ষমতার সুফল নিতে এবং আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়ে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তিনি অভিযোগ করে বলেন, “আজ শার্শার উন্নয়নের স্বার্থে আয়োজিত সাবেরা নাজমুল এমপির এই মতবিনিময় সভাতেও আমাদের লোকদের আসতে বাধা দেওয়া হয়েছে। দলের ভেতর লুকিয়ে থাকা এই সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হয়, তবে দলের জন্য বড় ক্ষতি হয়ে যাবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ঝিকরগাছা উপজেলার সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সুমন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদ আলী প্রমুখ।
