১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘দ্য হোয়াইট লোটাস’ থেকে হেলেনার বিদায়, নতুন মুখের সন্ধানে এইচবিও

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজন থেকে সরে দাঁড়িয়েছেন খ্যাতিমান অভিনেত্রী হেলেনা বোনহাম কার্টার। ভ্যারাইটিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এইচবিও এক বিবৃতিতে জানিয়েছে, শুটিং শুরু হওয়ার পরপরই নির্মাতা মাইক হোয়াইট অনুভব করেন যে বোনহাম কার্টারের জন্য তৈরি করা চরিত্রটি সেটের বাস্তব পরিস্থিতির সঙ্গে ঠিকমতো সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। ফলে চরিত্রটিকে নতুন করে সাজানো এবং চিত্রনাট্য পুনর্লিখন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ভূমিকার জন্য নতুন একজন শিল্পীকে নির্বাচন করা হবে। এইচবিও কর্তৃপক্ষ এবং মাইক হোয়াইট এই গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে না পারায় দুঃখ প্রকাশ করলেও ভবিষ্যতে অন্য কোনো প্রজেক্টে তাকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে এই সিরিজের চতুর্থ কিস্তিতে বোনহাম কার্টারের যুক্ত হওয়ার খবরটি বেশ ঘটা করে প্রচার করা হয়েছিল। এবারের সিজনটি সাজানো হয়েছে ফ্রান্সের প্রেক্ষাপটে, যার মধ্যে রাজধানী প্যারিস ছাড়াও ফ্রেঞ্চ রিভিয়েরার বিভিন্ন মনোরম লোকেশন রয়েছে। গত সপ্তাহেই ফ্রেঞ্চ রিভিয়েরায় আনুষ্ঠানিকভাবে এর শুটিং শুরু হওয়ার খবর জানিয়েছিল এইচবিও। এবারের গল্প আবর্তিত হবে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সময় হোয়াইট লোটাস হোটেলের একদল নতুন অতিথি এবং কর্মচারীদের নিয়ে। এর আগের সিজনগুলোর মতো এবারও চিত্রনাট্য, পরিচালনা এবং নির্বাহী প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন সিরিজের স্রষ্টা মাইক হোয়াইট।হেলেনা বোনহাম কার্টার এই প্রোজেক্ট থেকে সরে গেলেও সিরিজের বিশাল তারকার বহর এখনো দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবারের সিজনে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিনসেন্ট ক্যাসেল, স্টিভ কুগান, ক্রিস মেসিনা এবং কুমাইল নানজিয়ানিসহ একঝাঁক পরিচিত মুখ। বোনহাম কার্টার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ‌‘দ্য কিংস স্পিচ’ এবং ‘দ্য উইংস অব দ্য ডাভ’-এর জন্য অস্কার মনোনয়ন ছাড়াও ‘দ্য ক্রাউন’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের জন্য একাধিক এমি মনোনয়ন পেয়েছেন। হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি এবং ফাইট ক্লাব-এর মতো চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। তার সরে দাঁড়ানোর সংবাদটি প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম ডেডলাইন।
সূত্র: ভ্যারাইটি, ডেডলাইন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়