২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অতি দরিদ্রদের কর্মসংস্থানে মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মঙ্গলবার সকালে ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। অনুষ্ঠানে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, সরকার অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই খাল পুনঃখনন প্রকল্প শুধু কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, মশ্বিমনগর খালটি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটি পুনঃখনন হলে কৃষিতে নতুন গতি আসবে এবং প্রকৃত কর্মহীন মানুষরা স্থানীয়ভাবে কাজের সুযোগ পাবে।‌ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা মো. খায়রুল ইসলাম, একে আজাদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিন্টু হোসেন সাদ্দাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও এলাকাবাসী। উদ্বোধনের পর অতিথিরা চালুয়াহাটি ইউনিয়নের খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়