২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া রাজমিস্ত্রী আব্দুল গফফার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৯ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের একটি দুইতলা ভবনে রডের কাজ করার সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের লাইনে স্পর্শ করলে তিনি গুরুতর দগ্ধ হন। ঘটনাস্থলেই তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই পাঁচ দিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। এরপর মঙ্গলবার (৫ মে) আছরের নামাজের পর রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আব্দুল গফফারের মৃত্যুতে রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়