২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে নকল পানির পাম্পের বিক্রি মেসার্স জেসকো ট্রেডার্সকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, পাইপপট্টি বাজারে মোট ৫টি প্রতিষ্ঠান তদারকি করা হয়। এর মধ্যে ‘মেসার্স জেসকো ট্রেডার্স’ নামে একটি স্যানেটারি দোকানকে নকল পাম্প বিক্রির অভিযোগে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মডার্ন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড জানিয়েছে, তারা ২০০৩ সাল থেকে চীনের নিংবো মার্কুইস হাই-টেক কোম্পানি লিমিটেডের ‘মার্কুইস’ ব্র্যান্ডের পানির পাম্পের বাংলাদেশের একমাত্র বৈধ আমদানিকারক ও পরিবেশক। প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক ‘নাইস শ্রেণিবিন্যাস’ অনুযায়ী বৈদ্যুতিক মোটর ও পানির পাম্পের জন্য ৭ নম্বর শ্রেণিতে তাদের ট্রেডমার্ক নিবন্ধিত রয়েছে, যা বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্বীকৃত। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আলী অ্যান্ড ব্রাদার্স’সহ কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিবন্ধিত ‘মার্কুইস’ ব্র্যান্ড, লোগো, ঠিকানা ও ওয়ারেন্টি কার্ড হুবহু নকল করে নিম্নমানের পাম্প বাজারজাত করছে। এ বিষয়ে ইতোমধ্যে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি রয়েছে। মডার্ন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, “নকল পণ্যের কারণে সাধারণ গ্রাহক প্রতারিত হচ্ছেন এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। নকল বা অননুমোদিত পণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় ট্রেডমার্ক আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।” তিনি আরও জানান, যশোর জেলা স্যানিটারী ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সহযোগিতায় বাজারে নকল পাম্প প্রতিরোধে সচেতনতা বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনগত জটিলতা এড়াতে নকল পাম্প বিক্রি ও বাজারজাত থেকে বিরত থাকুন এবং প্রকৃত পণ্য শনাক্তে প্রশাসনকে সহযোগিতা করুন।” সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের নিয়মিত অভিযান এবং ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ থাকলে যশোরের বাজার থেকে নকল পাম্প নির্মূল করা সম্ভব হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়