প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। এই সংকট মোকাবিলায় এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোববার (১০ মে) হায়দরাবাদে বিজেপির এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি নাগরিকদের আগামী এক বছর সোনা না কেনা এবং জ্বালানি সাশ্রয়ের জন্য বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার পরামর্শ দেন।এদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় আগামী এক বছর স্বর্ণালঙ্কার না কেনার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আরজি জানান ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন দেশের সংকটে মানুষ সোনা দান করত। আজ দান করার প্রয়োজন নেই, তবে দেশের স্বার্থে আমাদের সংকল্প নিতে হবে যে, আগামী এক বছর আমরা কোনো সোনা বা গহনা কিনব না। দেশের জন্য এই চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে।’বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী দামের কথা উল্লেখ করে মোদী জ্বালানি সাশ্রয়ের ওপর বিশেষ জোর দেন। তিনি করোনাকালের অভ্যাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, যতটুকু সম্ভব বাড়ি থেকে কাজ করতে হবে এবং সরাসরি বৈঠকের বদলে ভার্চ্যুয়াল মিটিং করতে হবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। মোদীর মতে, জ্বালানি সাশ্রয় করা মানেই হলো দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।সংকটকালীন এই সময়ে বিদেশের ওপর নির্ভরতা কমাতে জনগণকে আবারও ‘মেড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি পণ্য কিনতে অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

