২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নবান্নে শুভেন্দু, গার্ড অব অনার প্রদান

প্রতিদিনের ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার প্রশাসনিক সচিবালয় নবান্নে অফিস করছেন শুভেন্দু অধিকারী।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবান্নে পৌঁছায় মুখ্যমন্ত্রীর গাড়িবহর। নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রথম দিন ঘিরে সকাল থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ছিল বাড়তি তৎপরতা।এর আগে সকালে কলকাতার চিনার পার্কের বাসা থেকে সল্টলেকে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু। প্রায় ২৫ মিনিট একান্তে আলাপ করেন তারা। সেখান থেকে শমীককে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে চেপে ১০টার পরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান শুভেন্দু। সেখানে ফুলের পাপড়ি ছিটিয়ে, উত্তরীয় পরিয়ে শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হয় তাকে। এ সময় দলীয় কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরে তাকে ২০৭টি পদ্মফুল দিয়ে তৈরি ফুলের মালা দিয়ে শুভেন্দুকে বরণ করে নেওয়া হয়। কার্যালয়ে দলের সাংগঠনিক পর্যায়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী।এরপর সেখান থেকে সরাসরি হাওড়ায় অবস্থিত রাজ্য সরকারের সচিবালয় নবান্নে এসে পৌঁছান শুভেন্দু। এর কিছুক্ষণ পরেই ১১টা ৩৫ মিনিটে নবান্নের প্রধান ফটকের সামনেই রাজ্য পুলিশের তরফে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় নতুন মুখ্যমন্ত্রীকে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের পরেই রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ প্রত্যেকে ফুলের স্তবক দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেওয়া পাঁচ মন্ত্রীও সকালে নবান্নে পৌঁছান। এদিন নবান্নে গুরুত্বপূর্ণ পাঁচটি বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। প্রথম বৈঠকটি হবে পাঁচ ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে। তাতে উপস্থিত থাকবেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এই বৈঠকে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে আলোচনা হতে পারে। এদিকে, বিকেল ৫টায় রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, বিভিন্ন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেয় এবং প্রশাসনকে কী নির্দেশনা দেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়