৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

জি এম ফারুক আলম, মণিরামপুর
মণিরামপুরে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রকল্পের উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় মণিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় একশো জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরুপালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনিভর্র খামার পরিচালনার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। মণিরামপুরের এরিয়া ম্যানেজার মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বাগেরহাট এরিয়া ম্যানেজার আইয়ূব হোসেনের সঞ্চালনা বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাশুক শাহরিয়ার, থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ, ভেটেরিনারি সার্জন ডা. জেড এম হাসিব-উল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুগ্ধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দুগ্ধ শিল্প টেকসই হবে। প্রশিক্ষণে বক্তারা বর্ষাকালে গবাদিপশুর খাদ্য সংকট মোকাবেলায় সাইলেজ তৈরি, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং গাভীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মডেল খামার গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।অংশগ্রহণকারী খামারিরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করে ব্র্যাক ডেইরির এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়