৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আনিছ হত্যা: প্রধান আসামি গ্রেফতার হয়নি: বুধবার নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসায়ী আনিছুর রহমান (বড় আনিছ) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় বুধবার (১৩ মে) নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমজীবী সংগঠন। গত সোমবার রাতে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে স্পষ্ট দেখা গেলেও এখনো মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে বসে থাকা আনিছুর রহমানের কাছে গিয়ে শাহ মো. মাহমুদ নামে এক যুবক প্রথমে তার চেয়ার লাথি মেরে ফেলে দেয়। পরে কোমর থেকে একটি ধারালো চাইনিজ কুড়াল বের করে প্রকাশ্যে তার মুখের বাম পাশে কোপ দেয়। হামলার পরপরই অভিযুক্ত দ্রুত সেখান থেকে চলে যায়।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার দিনই নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জুনায়েদের ছেলে শাহ মাহমুদ হোসেন ও একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়। নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কারণে নওয়াপাড়ায় বসবাস করছিলেন। এদিকে, প্রধান আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মূল আসামিদের গ্রেফতার করা না হলে আজকের হরতালের পর আগামী ১৭ ও ১৮ মে (রোববার ও সোমবার) আরও দুইদিন সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে মনির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার প্রেমবাগ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। তদন্ত চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়