৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চোটে বিশ্বকাপ স্বপ্ন ভাঙল ‘মেসিনহো’র

প্রতিদিনের ডেস্ক:
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে সেই দলে জায়গা হয়নি চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাওর, যিনি ‘মেসিনহো’ নামেই বেশি পরিচিত।লিওনেল মেসি ও রোনালদিনহোর খেলার ধরণ ও সৃজনশীলতার সঙ্গে মিল রেখেই ব্রাজিলের ফুটবল মহলে এস্তেভাওকে ‘মেসিনহো’ নামে ডাকা হয়। ছোট বয়স থেকেই অসাধারণ ড্রিবলিং, গতি ও আক্রমণভাগে প্রভাবের কারণে তিনি আলোচনায় উঠে আসেন।তবে ইনজুরিই এবার বিশ্বকাপ স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াল এই তরুণের। গত এপ্রিল মাসে চেলসির হয়ে খেলতে গিয়ে ডান উরুতে চোট পান ১৯ বছর বয়সী এস্তেভাও।এরপর থেকেই বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল ও চেলসির মেডিক্যাল টিম তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি। তাই শেষ পর্যন্ত তাকে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় রাখা হয়নি।বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার সম্ভাবনা সম্পর্কে এস্তেভাও নিজেও অবগত ছিলেন বলে জানা গেছে।চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে ফেরার সময় তাকে বেশ হতাশ দেখিয়েছে।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তরুণ এই ফরোয়ার্ডের বড় ভক্ত হিসেবে পরিচিত। বিশ্বকাপের আগে তাকে দলে পাওয়ার আশাও ছিল তার। কিন্তু ইনজুরির কারণেই সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো না।গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছিলেন এস্তেভাও।দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে ভবিষ্যৎ ব্রাজিল তারকা হিসেবেই দেখা হচ্ছিল।এবার বিশ্বকাপের স্বপ্ন ভাঙলেও ভবিষ্যতে ব্রাজিলের জার্সিতে বড় মঞ্চে আলো ছড়ানোর অপেক্ষাতেই থাকবেন ‘মেসিনহো’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়