১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নেইমার বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন, যদি…

প্রতিদিনের ডেস্ক:
নেইমারকে ঘিরে ব্রাজিলজুড়ে আলোচনা এখন তুঙ্গে। ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে তার থাকা এখনো নিশ্চিত নয়! কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নাম বা অতীতের অর্জনের ভিত্তিতে কাউকে দলে নেওয়া হবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমারের প্রতিভা ও অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দীর্ঘদিনের ইনজুরি এবং ম্যাচ ফিটনেসই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে জায়গা পেতে হলে নেইমারকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।আনচেলত্তি বলেন, ‘দল নির্বাচন করতে গেলে অনেক কিছু বিবেচনা করতে হয়।নেইমার এই দেশের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। কিন্তু ইনজুরির সমস্যাও ছিল। এখন সে কঠোর পরিশ্রম করছে এবং আগের চেয়ে অনেক উন্নতি করেছে।ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার এই দেশের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের ভালো-মন্দ দুই দিকই বিবেচনা করতে হবে। সিদ্ধান্তটা সহজ নয়।বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও এখনো আগের ধারাবাহিকতা পুরোপুরি ফিরে পাননি তিনি।তাই বিশ্বকাপের আগে তার পারফরম্যান্স, ফিটনেস এবং ধারাবাহিকতাই হতে পারে সবচেয়ে বড় পরীক্ষা।
আনচেলত্তি অবশ্য ড্রেসিংরুমে নেইমারের প্রভাব নিয়ে কোনো উদ্বেগ দেখছেন না। ইতালিয়ান এই কোচ বলেন, ‘নেইমারকে সবাই ভালোবাসে। সমর্থকরা যেমন, খেলোয়াড়রাও তেমনি।। তাকে দলে নিলে ড্রেসিংরুমে কোনো বিস্ফোরণ ঘটবে না।’তবে বাইরে তৈরি হওয়া চাপ ও আলোচনা নিয়েও সতর্ক আনচেলত্তি। তার ভাষায়, ‘ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু মিডিয়া কী বলবে, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’শেষ পর্যন্ত নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি নিজের বলে জানিয়েছেন আনচেলত্তি। চূড়ান্ত সিদ্ধান্ত যে শুধুই পারফরম্যান্সের ওপর নির্ভর করবে, সেটাও পরিষ্কার করেছেন তিনি। তিনি বলেন, ‘আমাকে কেউ নেইমারকে দলে নিতে চাপ দেয়নি। সিদ্ধান্তটা শতভাগ পেশাদার হবে। আমি শুধু একজন ফুটবলার হিসেবে তার বর্তমান পারফরম্যান্সই বিবেচনা করব।’
সবকিছু মিলিয়ে, নিজের ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি দেখাতে না পারলে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হারাতেও পারেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়