নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল রিপন চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে তিনি চট্টগ্রাম ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে শহরে বসবাস করছিলেন তিনি। জানা যায়, গত এক বছর ধরে তিনি কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ ছাত্রাবাসে একটি সিঙ্গেল রুম ভাড়া নিয়ে একাই থাকতেন। শনিবার বিকেলে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন সন্দেহ করেন। পরে জানালা দিয়ে তাকিয়ে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

