প্রতিদিনের ডেস্ক
“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যে যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর অফিসের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ডিডিএলজি রফিকুল হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমরেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী মোঃ আসলাম শেখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাজারে নকল ও নিম্নমানের পণ্যের বিস্তার রোধে ভোক্তাদের সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত পণ্য, সঠিক ওজন ও বিএসটিআই অনুমোদিত পণ্য সম্পর্কে সচেতন করতে হবে। বক্তারা আরও বলেন, মানুষ আস্থার জায়গা থেকেই ব্র্যান্ডেড দোকানে কেনাকাটা করে। তাই ক্রেতাদের উচিত পণ্য কেনার আগে অবশ্যই বিএসটিআই’র লোগো আছে কিনা তা যাচাই করা। রমজান মাসসহ বিভিন্ন সময়ে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।এসময় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

