প্রতিদিনের ডেস্ক:
ঘরে বসেই সহজে তৈরি করা যায় মজাদার ও স্বাস্থ্যকর একটি পদ—মিষ্টি দইয়ে মাংসের সালাদ। কম সময়ে তৈরি এই সালাদে মাংসের প্রোটিনের সঙ্গে সবজির পুষ্টিগুণ ও মিষ্টি দইয়ের হালকা টক-মিষ্টি স্বাদ মিলে তৈরি করে ভিন্নধর্মী এক খাবার, যা বিকেলের নাস্তা বা হালকা খাবার হিসেবে বেশ উপযোগী।
চলুন জেনে নেই মাংসের সালাদ তৈরির পদ্ধতি
উপকরণ
হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ ১ কাপ, তিন রঙের ক্যাপসিকাম ৩টি, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, শসা ১টি, গাজর ১টি, বড় পেঁয়াজ ১টি, মিষ্টি দই পরিমাণমতো এবং গোলমরিচ গুঁড়া ১ চা চামচ।
প্রণালি
প্রথমে হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ করে লম্বা করে কেটে বা ছিঁড়ে নিতে হবে। এরপর ক্যাপসিকাম, শসা, গাজর ও পেঁয়াজ লম্বা করে কেটে একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এতে কাঁচা মরিচ কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে মিষ্টি দই মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু এই সালাদ।

