নিজস্ব প্রতিবেদক
যশোরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পশ্চিম তিলছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৬ যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর এ কে এম ফজলে রাব্বি প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, গত ১৯ মে যশোরের চৌগাছা উপজেলায় নৃশংসভাবে ঝন্টুকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় আবু ওবায়দকে। মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন পশ্চিম তিলছড়া এলাকা থেকে আবু ওবায়দকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় তিনি একজন পেশাদার অপরাধী হিসেবে পরিচিত। র্যাব জানায়, আইনি প্রক্রিয়া শেষে আটক আবু ওবায়দকে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

