২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

প্রতিদিনের ডেস্ক:
তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে দেশের রপ্তানি খাতকে সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।বাংলাদেশ ব্যাংক জানায়, রপ্তানিতে পণ্য ও বাজারভিত্তিক ঝুঁকি কমিয়ে সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সহায়তা করতেই এ তহবিল গঠন করা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এ ঘূর্ণায়মান তহবিল থেকে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন পাবে, আর রপ্তানিকারকরা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।তিন বছর মেয়াদি এ অর্থায়নে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে। রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ সুবিধা পাবে। স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষভাবে পাট ও চামড়া খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।তবে, ঋণখেলাপি, রপ্তানি আয় দেশে আনতে বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠান এবং ঋণ অবলোপনের ইতিহাস থাকা প্রতিষ্ঠানগুলো এ সুবিধার আওতায় আসবে না। স্কিমের আওতায় অর্থায়নকৃত বিনিয়োগে ন্যূনতম ঋণ-ইকুইটি অনুপাত ৭০:৩০ বজায় রাখতে হবে।তহবিলের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও ত্রৈমাসিক প্রতিবেদন জমার বাধ্যবাধকতা রাখা হয়েছে। মিথ্যা তথ্য প্রদান বা তহবিলের অপব্যবহার করলে অতিরিক্ত ৫ শতাংশ হারে জরিমানা সুদ আরোপ করা হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০২৩) এর ৪৫ ধারার ক্ষমতাবলে চালু হওয়া এ স্কিম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়