প্রতিদিনের ডেস্ক:
ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি যৌক্তিক এবং গ্রহণযোগ্য হলে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলনকারীদের সঙ্গে বসবেন। আমরা দেখব তাদের দাবি কতটুকু যৌক্তিক।” চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না এ প্রশ্নে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “পরিস্থিতি এখনো সে পর্যায়ে যায়নি। চিকিৎসকরা সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন, চিকিৎসা চালু আছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করব।”
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তারা কী বলেছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের আইন মেনে কাজ করতে হয়। আদালতও সময় দেয়, আমরাও দুই দিন সময় দিয়েছি।”তিনি বলেন, “আমাদের উচ্চমানের আইনজীবী আছেন। তারা কী অপরাধ করেছে সেটা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে কাজ করব, অবস্থানে অনড় থাকব।”এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজে ছয় দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। দাবির মধ্যে আছে ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকা করা, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন এবং এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত ১৯ মের সিদ্ধান্ত বাতিল।

