২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বসুন্ধরা কিংসকে ফিফা সভাপতির অভিনন্দন

প্রতিদিনের ডেস্ক:
ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের আধিপত্যের স্বীকৃতি এবার মিলেছে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও। ২০২৫-২৬ মৌসুমে ট্রেবল জয়ের কৃতিত্বে ক্লাবটিকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে বসুন্ধরা কিংসের একটি ছবি শেয়ার করেন ইনফান্তিনো। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন।’বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পাওয়াকে দেশের ক্লাব ফুটবলের জন্য একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। এটি শুধু বসুন্ধরা কিংসের সাফল্যের স্বীকৃতিই নয়, বরং বাংলাদেশের ফুটবলের ক্রমবর্ধমান অগ্রগতিরও প্রতিফলন।
সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতে ঘরোয়া ট্রেবল সম্পন্ন করেছে দলটি। পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্য, শক্তিশালী স্কোয়াড এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ছয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।এর মধ্যে পাঁচটিই এসেছে টানা। এ ছাড়া ফেডারেশন কাপেও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি, যার মধ্যে সর্বশেষ তিনটি শিরোপা টানা জয়ের কৃতিত্ব রয়েছে তাদের।বাংলাদেশের ক্লাব ফুটবলে গত কয়েক বছর ধরে যে মানদণ্ড স্থাপন করেছে বসুন্ধরা কিংস, তা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়াচ্ছে। ফিফা সভাপতির অভিনন্দন বার্তা সেই সাফল্যেরই আরেকটি বড় স্বীকৃতি হয়ে থাকল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়