৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্কুল মাঠে রক্তাক্ত দেহ, ভোরেই মিলল হত্যার রহস্যের সূত্র অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আটক ৩

অভয়নগর প্রতিনিধি
নিশুতি রাত। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত দেহ। মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, এর আগেই মৃত্যু হয়েছে তার। নিহত রিয়াজ হোসেন (৩০) যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা ছিল। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ধলিরগাতী গ্রামের আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (২২), আবু দাউদ মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩) এবং মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা রিয়াজকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ সবুজ হোসেন বলেন, “রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” এদিকে, নিহতের মা বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “রিয়াজ হোসেন দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়