নিজস্ব প্রতিবেদক
যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সেলিম রেজা (৩৭) নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারের পাশে আহার পল্লীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি যশোর শহর থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই দুর্ঘটনায় লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
