আনিছুর রহমান, বেনাপোল
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ও নির্বাচনী রূপরেখা ঘোষণা করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আবু তাহের ভারত। তিনি তাঁর নির্বাচনী ইশতেহারে বেনাপোলকে একটি উন্নত, নিরাপদ, মাদকমুক্ত এবং আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে মো: আবু তাহের ভারত বলেন, “সাধারণ জনগণ চাইলে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। আমি জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিতে চাই।” শুক্রবার বিকেলে তিনি স্থানীয় নেতৃবৃন্দের মাঝে তাঁর নির্বাচনী ইশতেহারের লিফলেট বিতরণ করেন। ইশতেহারে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা: পৌর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:স্বাস্থ্যসেবা ও শিক্ষা: প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করা।অবকাঠামো ও ড্রেনেজ: আধুনিক ও পরিকল্পিত ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, যার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট ক্যাবলের সমন্বিত অবকাঠামো তৈরি করা হবে।পরিবেশ ও সৌন্দর্যবর্ধন: বেনাপোলের হাওরকে অবৈধ দখলমুক্ত করে আধুনিক লেক স্থাপন ও লেকের চারপাশে আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি।নিরাপত্তা ও স্বচ্ছতা: পুরো পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং দলমত নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করা।নাগরিক সুবিধা: রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, আধুনিক বাজার ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন।বিনোদন ও আবাসন: আধুনিক স্টেডিয়াম ও পৌরপার্ক নির্মাণ এবং গৃহহীন মানুষের জন্য আবাসন প্রকল্পের ব্যবস্থা করা। বেনাপোলকে একটি আন্তর্জাতিক মানের সীমান্ত শহর হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন। তাঁর এই উন্নয়নমুখী পরিকল্পনার খবরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
