অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইয়াবা সেবনের পর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শহিদুল শেখ (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আদিল শেখ ও লাভলী বেগমের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুলের কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
