বাগেরহাটে ছুরিকাঘাতে ঝালমুড়ি বিক্রেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলাধুলা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি বিক্রি করতেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় সোহাগ ও আউয়ালের সন্তানদের মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সোহাগ উভয় পক্ষের শিশুদের শাসন করে বাড়ি পাঠিয়ে দেন। রাত ৯টার দিকে আউয়াল বাড়ি ফিরে সন্তানকে শাসনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি স্থানীয় দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে আউয়াল তার হাতে থাকা ছুরি দিয়ে সোহাগকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়