বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বৃষ্টির মধ্যে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল মোল্লা (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্লা নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. বদিয়ার মোল্লার ছেলে। তিনি এক ছেলে ও দুই বছরের এক কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী জয়নাল মোল্লা জানান, সোমবার বিকেলে তারা দুজন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটে ইটের গাঁথুনির কাজ করছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল এবং তাদের মাথার ওপর দিয়ে বৈদ্যুতিক তার চলে গেছে। কাজের একপর্যায়ে হঠাৎ জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, হাসপাতালে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। জুয়েলের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বামী ও বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী ও দুই ছোট সন্তান। এলাকাবাসীর মাঝেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়